সিদ্ধিরগঞ্জে ভুয়া র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভুইয়া ওরফে সোর্স বাবু (৩৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) ভোরে জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজীব ভুইয়া ওই এলাকার দুলাল ভুইয়ার ছেলে। দুপুরে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সজীব ভুইয়া সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় ডিবি ও র্যাব পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। তার নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। তিনি কখনো নিজেকে পুলিশ বা র্যাবের ‘সোর্স’, আবার কোথাও কোথাও ডিবি/র্যাবের ‘অফিসার’ হিসেবে পরিচয় দিতেন।
র্যাবের দাবি, সজীব বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে র্যাব ও পুলিশের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের বিরুদ্ধে র্যাব বা পুলিশ দিয়ে ব্যবস্থা নেওয়ার হুমকি দিতেন। এছাড়া তিনি র্যাব ও পুলিশের সদস্যদের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।