বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে একই রাতে পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস ও দুটি লেগুনা পুড়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিটি ঘটনাতেই মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর মধ্যে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা গুলি করার হুমকিও দিয়েছিল। অন্যদিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাস এবং চাঁদমারি এলাকায় দুটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটসংলগ্ন মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। সেখানে পার্ক করে রাখা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন বাস দুটিতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের কাছেই নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

ঘটনার বর্ণনা দিয়ে বাসের স্টাফ মো. আলম বলেন, রাত সাড়ে তিনটার দিকে বাস ডিপোর সামনে দুটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়। প্রথমে তাদের ডাকাত মনে হয়েছিল। পরে চিৎকার করলে একজন গুলি করার কথা বলে। এ সময় গুলির মতো একটি শব্দ শুনতে পেয়ে তিনি ভয়ে অন্যদিকে দৌড়ে যান।

তিনি বলেন, পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অগ্নিসংযোগের ঘটনায় আর্থিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছেন বাসমালিক শহিদুল আলম। বাস দুটির ভাড়া থেকে পাওয়া আয় দিয়েই তিনি অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ বহন করতেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার বাস দুটি সব সময় সংসদ সদস্যের বাড়ির সামনের স্ট্যান্ডে রাখা হতো। রাতে কে বা কারা আগুন দিয়ে তার সব শেষ করে দিয়েছে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে রূপগঞ্জের ঘটনার প্রায় একই সময়ে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করে রাখা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের ইউটার্নসংলগ্ন সড়কের পাশে বাসটি দাঁড় করানো ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আগুনে বাসটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা সড়কের পাশে পার্ক করে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারি এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এসব অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »