নবনির্বাচিতদের কাছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় সৌহাদ্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী কমিটির সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।
এসময় বিদায়ী কমিটির সভাপতি নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। একই প্রক্রিয়ায় বিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিকে দায়িত্ব বুঝিয়ে দেন।
বিদায়ী কমিটির সভাপতি আরিফ আলম দীপু বলেন, আশা করি আবু সাউদ মাসুদের নেতুত্বে নতুন কমিটি পেশাজীবী সাংবাদিকদের সকল সমস্যা সমাধানে দায়িত্বশীল ভুমিকা রাখবেন। নবনির্বাচিত কমিটির সকল সদস্যের প্রতি রইল শুভেচ্ছা ও শুভ কামনা।
নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, দলমত নির্বিশেষে আমি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৭৯ জন সদস্যের সভাপতি হতে চাই। নির্বাচনের দিন দু’টি প্যানেলে র্নিবাচন হয়েছে। এটি ছিল নেতৃত্বের প্রতিযোগিতা। প্রতিটি প্রতিষ্ঠানেই নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। এটাই স্বাভাবিক। কিন্তু পেশায় আমরা সবাই সাংবাদিক। আমাদের মধ্যে যাতে কোন বৈরিতা না থাকে। বিজয়িদের যতটুকু অধিকার রয়েছে ঠিক তার সমপরিমান অধিকার থাকবে বিজিতদের। বিজয়ীর এখন সকলের সেবক। কেউ যেন আমরা কারো অধিকার ক্ষুন্ন না করি। অন্তত এই অনুরোধটুকু সকলের প্রতি রইল।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, আমাদের দায়িত্ব পালনকালিন সময়ে আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি তা একমাত্র ক্লাব সদস্যরাই তার মূল্যায়ন করবেন। দায়িত্ব পালনকালে যদি আমাদের কোন ভুল ক্রটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ করছি। নবনির্বাচিত কমিটির উজ্জল সাফল্য কামনা করছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, আমরা নির্বাচিত হয়েছি সদস্যদের ভোটের মাধ্যমে। তারা আমাদের সম্মানিত করেছেন সমর্থন জানিয়েছেন। এর অর্থ যেন এটা না হয় আমরা ক্ষমতাবান।
আমাদের কাধে সদস্যরা যে দায়িত্ব তুলে দিয়েছেন আমরা তার পূর্ণ মর্যাদা যাতে রাখতে পারি সেজন্য সকল সদস্যদের কাছে দোয়া চাই। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব হবে সম্প্রিতির উৎকৃষ্ট উদাহরন।
দায়িত্ব হস্তান্তরের পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও সিনিয়র সদস্য এবং বিজিত সিনিয়র সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুহাম্মদ আইয়ুব, হাবিবুর রহমান বাদল, ফজলুল হক, মাহবুবুর রহমান মাসুম, আরিফ আলম দীপু, সিনিয়র স্থায়ী সদস্য বিমল রায়, আনিসুর রহমান আনিস, মোরছালিন বাবলা, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ ও বিদায়ি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন প্রমুখ।