অধ্যকোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসি। কিন্তু এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মিতালী মার্কেটের ব্যবসায়ীরা। রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী লেনে এ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পরেন যাত্রীরা। প্রায় এক ঘন্টা পর পুলিশের চেষ্টায় অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, বিগত দিনে যারা মার্কেট মালিক সমিতির কমিটিতে ছিলেন মার্কেটের অর্থ লুটপাট করেছেন। বর্তমানে মার্কেটের ৫৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সেই জন্য ডিপিডিসি মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। বিদ্যুৎ সংযোগ ছাড়া ব্যবসা পরিচালনা করা অসম্ভব। এই মার্কেটে ৩ হাজার দোকান রয়েছে। এসব দোকানে হাজার হাজার মানুষ জীবিকায় জড়িত। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করা হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। তারা সংল্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। তারা আধঘন্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
বিষয়টি জানতে ডিপিডিসি’র এনওসিএস’র সিদ্ধিরগঞ্জে অফিসের দায়িত্ব থাকা নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে একাধিকার কল করা হলেও তিনি রিসিভ করেননি।