সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর নারায়ণগঞ্জের কাঁচপুরে জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার করা হয়।
রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, ভোলাগঞ্জ এলাকা থেকে উত্তোলিত এসব পাথর অবৈধভাবে কাঁচপুর এলাকায় মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা জব্দ করা হয়।
র্যাব জানায়, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় দুই লক্ষ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে। যার বাজার মূল্য ২০০ কোটি থেকে ২৫০ কোটি টাকা। এছাড়াও ছয় লক্ষ ঘনফুট বালু অবৈধভাবে লুটপাট করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা। অবৈধভাবে উত্তোলন করা সাদা পাথর দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে জমা করে ক্রাশার মেশিনে পাঠানো হচ্ছিল।
র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ঢাকার ডেমরার সারুলিয়া ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে এসব খনিজ পাথর জব্দ করা হয়। অভিযান এখনো চলমান রয়েছে।