বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত রিকশা চালক তুহিন হত্যা মামলায় এনসিসির সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদে জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়। তবে আসামী পক্ষের আইনজীবি এডভোকেট আওলাদ হোসেন বলেন, সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে জামিন আবেদন পেন্ডিং আছে। সেখানে নি¤œ আদালতে রিমান্ড শুনানীর তারিখ আরো পিছিয়ে দেয়ার আবেদন জানিয়েছিলাম। কিন্তু আদালত তা আমলে না নিয়ে রিমান্ড মঞ্জুর করেছে।
এর আগে তুহিন হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত ৩০ জুন রিমান্ড শুনানীর তারিখ থাকলেও উচ্চ আদালতে জামিন শুনানীর আবেদন পেন্ডিং থাকায় ৭ জুলাই রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করে আদালত। শুনানীকালে আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিকশা চালক তুহিন (৩৬)। এঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভী ১১ নাম্বার আসামী।
আইভীর আইনজীবি এডভোকেট আওলাদ হোসেন বলেন, জেলা জজ আদালতে আমরা ফৌজদারী মিস মামলা দায়ের করলে আদালত আইভীর জামিন আবেদন না মঞ্জুর করে। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে জামিন আবেদন পেন্ডিং থাকায় আমরা রিমান্ড শুনানীর তারিখ আরো পিছিয়ে দেয়ার আবেদন জানিয়েছিলাম। আদালত সেই আবেদন আমলে নেননি। পরে শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাস্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, তুহিন হত্যা মামলার আসামী আইভীকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছে। উচ্চ আদালতে জামিন আবেদন পেন্ডিং থাকায় আসামীপক্ষ রিমান্ড শুনানী পিছানোর আবেদন জানালে আদালত ৭ জুলাই রিমান্ড শুনানীর তারিখ ধার্য করেন। তবে আসামীপক্ষ আবারো রিমান্ড শুনানী পিছানোর আবেদন করলে আদালত সেটা আমলে নেয়নি। পরে উভয়পক্ষের শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৯ মে নগরীর দেওভোগের চুনকা কুটির থেকে মেয়র আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কাশিমপুর মহিলা কারাগারে প্রেরণ করে।