বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “নারায়ণগঞ্জ শহরের ২০টা স্পট আছে, যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই।”
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় সোনারগাঁওয়ের কাঁচপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, একটি বিশাল সমস্যা ছিল এই নারায়ণগঞ্জ জেলায়, দুর্নীতি। কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সব জানেন। এই দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই।
বিএনপির চেয়ারম্যান বলেন, পাশাপাশি আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমী, নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।