‘কোন ফ্যাসিবাদী ও আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে ঠাই হবে না’ বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তারেক রহমানের নির্দেশ রয়েছে ফ্যাসিবাদের কাউকে যেন সদস্য না করা হয়। যাচাই বাছাই করে নতুন সদস্য করবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক নতুন তরুণ ভোটার রয়েছে তাদেরকে সদস্য করতে হবে। তরুণরা বিএনপির সদস্য হওয়ার জন্য উদগ্রীব হচ্ছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ফতুল্লার দেলপাড়াস্থ মিরকুঞ্জ কমিনিটি সেন্টারে কুতুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত সদস্য ফরম নবায়ন ও নতুন সদস্য বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভুইয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহম্মেদ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মামুনুর রশীদ, আশরাফুল আলম হিমেল, মো: জামান মিয়া, দুলাল ভূইয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপি নেতা বলেন, ঐক্যবদ্ধভাবে যেভাবে স্বৈরাচার হাসিনা সরকারকে পতন ঘটানো হয়েছে, ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। জনগণকে সেবা দিতে হবে এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রম করতে হবে। মানুষের ভালবাসা অর্জন করতে হবে।
অতীতে যেভাবে মানুষের পাশে ছিলেন আগামীতেও পাশে থাকতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা বিগত ১৫ বছর যেভাবে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তারপরও মানুষের পাশে থেকে রাজনীতি করতে হয়েছে। তাদেরকে নিয়ে আমরা সামনের দিকে পথ চলতে চাই।
তিনি আরো বলেন, মনে রাখতে হবে তরুনরাই কিন্তু আগামী রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। তরুনদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। তরুনদের আকৃষ্ট করতে হবে এবং তরুনদের জাতীয়তাবাদের উদ্বুদ্ধ করতে হবে। আমরা আগামীদিনের তরুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চাই। আগামী দিনের তরুন প্রজন্ম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্য কঠোর হুশিয়ারী দিয়ে মামুন মাহমুদ আরো বলেন, আন্দোলন সংগ্রামে আমি জেলা বিএনপির দায়িত্বে না থাকা সত্বেও সব জায়গার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছি। যারা দায়িত্ব ছিলো তারা কি করেছে আর আমি কি করেছি তা বলতে পারবে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল।
তারেক রহমান আমাকে জেলা বিএনপির দায়িত্ব দিয়েছে তাই আমি চাই সবাইকে নিয়ে দলের জন্য কাজ করবো। দলের নেতাকর্মীরা যেন ঐক্যবদ্ধ হয়। ঐক্যবদ্ধের কোন বিকল্প নাই। যারা এখনো ভিন্ন চিন্তা করছেন তারা এখনো সময় আছে শহিদুল ইসলাম টিটু ও এড: বারী ভুইয়ার পতাকা তলে আসেন। এই পতাকা কিন্তু তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার পতাকা।