চার মাসের বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জের আম্বার কমপ্লেক্সের শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন তারা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় আম্বার কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় শ্রমিকরা অভিযোগ করেন, গত ২৩ সেপ্টেম্বর গ্যাসসংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সময় শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একের পর এক তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তারা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন।
এ সময় প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশের সময় শ্রমিকরা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা আরও বলেন, চাকরি হারিয়ে এমনিতেই তারা বিপাকে পড়েছেন। তার ওপর কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।