শহরের নতুন পালপাড়া এলাকায় সমীরকর মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা আগুনস্থলে পৌঁছে পাঁচ ঘন্টা চেষ্টার পর সম্পূর্ণ আগুন নির্বাপন করতে সক্ষম হয়। আগুনে মার্কেটের ৩৫টি দোকান পুড়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর পৌনে ৫টায় সমীরকর মার্কেটের হোসিয়ারি ও নিটিংয়ের দোকানগুলোতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, আগুনে প্রায় ৩ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।
ফায়ার সার্ভিস ও স্থানীয় জানায়, শনিবার ভোরে আকস্মিকভাবে সমীরকর মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুনস্থলে পৌঁছে নির্বাপনের কাজ শুরু করে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে সম্পুর্ণ আগুন নির্বাপন করতে সক্ষম হয়।
নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নারায়ণগঞ্জ সদর ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে সম্পুর্ণ আগুন নির্বাপন করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আগুনে সূতা, হোসিয়ারি কাপড়, থান কাপড়, রোল কাপড়, সেলাই মেশিন, গেঞ্জি, আসবাবপত্র ও বৈদ্যুতিক ক্যাবল পুড়ে যায়। আগুনে প্রায় ৩ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। তবে আমরা আগুন থেকে আনুমানিক ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।