নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে ফতুল্লায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ও ৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
রবিবার (১৮ মে) দুপুরে জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টীম উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ফতুল্লার ভুইঘর এলাকার মোজাদেদি গোস্ত দোকান, আল্লাহ ভরসা গোস্ত ঘর এবং প্রাইমা বেকারী নামে ৩টি প্রতিষ্ঠান নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শন করায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।