নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর নতুন করে গ্রেপ্তার দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মামলায় শুনানী শেষে আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু শামীমের আদালতে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ওপর হামলা ও ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাউয়ুম খান।
আইভীর আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন সাংবাদিকদের জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। কিন্তু এর আগে আদালত এই মামলায় এজহারে নাম না থাকা ১৯ জনের জামিন মঞ্জুর করেন।
আইভীর আইনজীবীরা আরো বলেন, একই মামলায় সহ-আসামিরা জামিন পেলেও তাকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আইনজীবীরা আরও জানান, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় মেয়র আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরো ৫ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনটাতেই তার নাম নেই। বৃহস্পতিবার ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাকে হত্যা করেছে এবং অপর মামলায় বলা হয়েছে তিনি পুলিশের ওপর হামলা করেছে। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলো। এই মামলার এজাহারেও তার নাম নাই। তারপরেও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।