ঠিকাদারি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হুমকি ও অশালীন ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আদমজী ইপিজেডের একটি ঠিকাদারি কাজ পায় চট্টগ্রামের সানজিদা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। একই কাজের টেন্ডার জমা দিয়েছিলেন সাহেদ নিজেও। তবে তিনি কাজ না পাওয়ায় সানজিদা গ্রুপের প্রতিনিধিকে হোয়াটসঅ্যাপ কলে ব্য হুমকি দেন। সেই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রচারিত অডিওতে দেখা যায়, সাহেদ অপরপ্রান্তে থাকা ব্যবসায়ীকে অশালীন ভাষায় গালাগালি করছেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন।
প্রতিউত্তরে ওই ব্যবসায়ী গালিগালাজ করার কারন জানতে চাইলে সাহেদ আরো উত্তেজিত হয়ে উঠেন।
এ বিষয়ে বক্তব্য জানতে সাহেদ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, “এখন আমি ব্যস্ত আছি। রাতে ফ্রি হয়ে কল দেব।”