ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় চলন্ত একটি সিএনজিতে কোপাকুপির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ওই ঘটনার ভিডিও শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে কক্সবাজারগামী যাত্রী নাজির উদ্দিন শাহ নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন এবং ক্যাপশনে উল্লেখ করেন ১২টা ২০ মিনিটে ঘটনাটি মদনপুরে ঘটেছে। সাথে সাথেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত সিএনজির পেছনে এক যুবক ঝুলছে। এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতরে থাকা একজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর অপর এক ব্যক্তি বাম পাশের দরজা খুলে একইভাবে কোপাচ্ছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। ঘটনাস্থল নির্ধারণ ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।”
তিনি আরও বলেন, “ভিডিও ধারণের পর নাজির উদ্দিন মদনপুর অতিক্রম করলে আর সিএনজিটিকে দেখতে পাননি। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।”
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, “ভিডিও দেখে সঠিক স্থান নির্ধারণ কিছুটা কঠিন। তবে ধারণা করা হচ্ছে, মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোথাও ঘটনাটি ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সিএনজির ভেতরে ও বাইরে থাকা দুই ব্যক্তি দুজনের হাতেই ছুরি ছিল। তারা ছিনতাইকারী নাকি নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”