কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় অন্তত ২৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি জানান, জেলার সাতটি থানা এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ২৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
এর আগের ৩৬ ঘণ্টায়ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সময় ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় দুর্বৃত্তরা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয়। তবে এরপর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলাজুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।