কোনো ধরনের নতুন কর আরোপ না করেই ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এটি নাসিকের ১৫তম বাজেট এবং সিটি করপোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় নগরভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব ও উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা। অন্যদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। ফলে অর্থবছর শেষে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে বলে আশা করছে সিটি করপোরেশন।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা। সেই তুলনায় এবার বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বাজেট ঘোষণাকালে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এবারের বাজেটে নগরবাসীর জনদুর্ভোগ লাঘবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রাস্তা ও ড্রেন নির্মাণ, সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, যানজট কমানো, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি জানান, জালকুড়িতে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড চালু, কদমরসুলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য অধিগ্রহণকৃত জমিতে অবকাঠামো নির্মাণ, ২৭টি ওয়ার্ডে ৫৪টি পানির পাম্প স্থাপন, হকার পুনর্বাসন, ধর্মীয় স্থাপনার উন্নয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৩০টি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণের বিষয়ও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি পাঁচ হেক্টর জায়গাজুড়ে পার্ক, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণের ঘোষণাও দেওয়া হয়েছে।
বাজেটের অর্থায়নের প্রধান উৎস হিসেবে নাসিকের নিজস্ব রাজস্ব আয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থ বাজেট বাস্তবায়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
প্রশাসক বলেন, আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়নের সম্ভাবনা এবং নগরবাসীর প্রত্যাশার কথা বিবেচনায় নিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন করে কর বাড়িয়ে নাগরিকদের ওপর আর্থিক চাপ সৃষ্টি না করে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নতুন রাজস্ব আয়ের উৎস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন এবং দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও পরিকল্পিত নগর গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তিনি হোল্ডিং ট্যাক্স, পানির বিলসহ সব ধরনের ফি সময়মতো পরিশোধের আহ্বান জানান।
নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।