সিদ্ধিরগঞ্জে একটি তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার (২০) নামে এক নারী পোশাক শ্রমিকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দিবাগত মধ্যরাতে পূর্ব নিমাইকাশারী এলাকার মামা-ভাগিনা গলিতে মহিদুল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্বামী মামুন ওরফে রুবেল পলাতক রয়েছে। বর্ষা সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। স্বামীর সাথে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুই থেকে তিন দিন আগে বর্ষার সঙ্গে পরিবারের সদস্যদের শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইসঙ্গে কয়েকদিন ধরে বাসাটির বাইরে তালা ঝুলতে দেখা যায়। বুধবার সন্ধ্যায় ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি বর্ষার পরিবার ও পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘর থেকে বর্ষার মুখ ও পা বাঁধা অবস্থায় গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না জানান, প্রায় দেড় মাস আগে স্বামীর প্রথম স্ত্রীকে কেন্দ্র করে বর্ষার সঙ্গে মামুনের বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকেই মামুনের বাসায় আসা-যাওয়া কমে যায়।
এ ঘটনায় নিহতের মা সুলতানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানন, “মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”