আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে পাচারের সময় ৩৭৭ বোতল ফেয়ারডিলসহ মো. মমিন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র্যাব-১১’র কোম্পানি কমান্ডার নাইমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রূপগঞ্জ থানাধীন ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়াস্থ রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঁঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ (সিপিএসসি, নারায়ণগঞ্জ)-এর একটি আভিযানিক দল জানতে পারে- মাদকের একটি বড় চালান নিয়ে একটি ট্রাক নারায়ণগঞ্জের দিকে আসছে। খবর পেয়ে রূপগঞ্জের কেন্দুয়াপাড়ায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাব। সন্দেহভাজন একটি ট্রাককে থামার সিগন্যাল দিলে চালকের আসন থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
পরবর্তীতে ট্রাাকে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল নিষিদ্ধ মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।