সরকারের এক ইঞ্চি জমিও কোনো অবৈধ দখলদারের দখলে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, দখল হওয়া সব জমি পুনরুদ্ধার করে সরকারি ও জনগণের কাজে ব্যবহার করা হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর মিলনায়তনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি যা দেশের জন্য ক্ষতিকর। আপনারা কেউ এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না যা দেশের ক্ষতি হয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে যায়। তখন পৃথিবীর বিভিন্ন নিরপেক্ষ সংস্থা যখন বলে এদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসছে। তখন একদিকে এক পলাতক স্বৈরাচার বলে ডিসেম্বরে আসবে। আরেকদিকে আরেকদল লোক বলে ডিসেম্বরে সরকার পতন করা হবে। পলাতক ও পরাজিত শক্তি এক হওয়ার চেষ্টা করছে। কোনো লাভ হবে। এ ভয় সরকার করে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখন দেশের সমৃদ্ধি ও উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তখন ৭১-এর পরাজিত শক্তি আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। একদল জান্নাতের টিকিট বিক্রি করে লাভ হয়নি। এখন এদেশের মানুষদের দোজখে নিতে চায়।’
এর আগে প্রতিমন্ত্রী তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা প্রশাসক রায়হান কবীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।