রূপগঞ্জের মাসুমাবাদের বানিয়াদি এলাকায় ঢাকা লুব অয়েল লিমিটেড নামের কারখানার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তররের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান চলে। এ সময় পুলিশ, রূপগঞ্জ পল্লী বিদ্যুতের লোকজন ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছে বিধায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নারায়ণগঞ্জে এ ধরনের কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।