ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে সোনারগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আরেক অভিযানে শতাধিক কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে র্যাব।
সোমবার (১১ আগস্ট) দুপুরে র্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
সোমবার (১১ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে পাঁচকানির কান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো— মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু (২৮), সাইফুল ইসলাম সাকিব (২৫), মো. মানিক (৩১), সাদ্দাম (৩২), সহিদ (৩৭), মনির হোসেন (৫৭)।
এসময় তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, পাঁচটি ছুরি, একটি সুইচ গিয়ার ও একটি বড় দা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মহাসড়কে কৃত্রিম যানজট সৃষ্টি করে যাত্রী ও চালকদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত তারা। কখনো গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে ডাকাতি করত।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মফিজুল ইসলামের নামে ১টি হত্যা, ৩টি মারামারি। সাইফুল ইসলাম সাকিবের নামে ২টি মাদক, ১টি নাশকতা ও ১টি হত্যা। মো. মানিকের নামে ১টি হত্যা, ২টি অন্যান্য। সাদ্দাম এর নামে ১০টি ডাকাতি, ২টি হত্যা, ৪টি মাদক, ১টি অস্ত্র, ১টি চুরি। সহিদ এর নামে ১টি হত্যা। মনির হোসেনের নামে ২টি চুরি, ২টি মারামারি, ১টি মাদক মামলা রয়েছে।
র্যাব জানায়, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পৃথক অভিযানে উদ্ধার করা গাঁজা ও মিনি ট্রাকও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।