ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষের পর একটি বাড়িতে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করায় ইউসুফ (২৩) নামে এক গাড়ি চালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার খিলাবাজার এলাকার বেরকি গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে শিয়াচর এলাকায় নাজমুল গার্মেন্টসের পাশে শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা।
প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, রাত ৮টার দিকে দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা বাড়িটিতে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পাশের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ মোবাইল ফোনে হামলার দৃশ্য ধারণ করছিলেন। বিষয়টি বুঝতে পেরে হামলাকারীরা তার কাছ থেকে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় তারা।
পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার ওরফে দেলু ডাকাতের লোকজনের সংঘর্ষ হয়। এতে জুয়েল আরমানসহ অন্তত ছয়জন আহত হন। দুপুরের ওই সংঘর্ষের জের ধরেই রাতে দেলুর বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। হামলাকারীরা জুয়েল আরমানের অনুসারী বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে আদালত এলাকায় সংঘর্ষের ঘটনার জের ধরে রাতে দেলুর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।