সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তার দুজন হলেন—মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মাইকেল (৪৫) ও তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২২)।
রোববার (৩০ আগস্ট) রাত ৩টার দিকে ফতুল্লা থানার নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ সদর কোম্পানি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন পরিবহন শ্রমিক সজীব। এ সময় পূর্বশত্রুতা ও মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে মাইকেল, তার ছেলে আপনসহ ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১১।
গ্রেপ্তার মাইকেল ও আপনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।