নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল ইসলাম হত্যা মামলায় পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রোববার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় গাজীপুর কাশিমপুর মহিলা কারগার থেকে কারা কর্তৃপক্ষের সহায়তা আদালতে আইভীকে ভার্চুয়ালি উপস্থিত রাখা হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল ইসলাম হত্যা মামলায় পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে, দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়ন জানান, আদালতে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই রিমান্ডের মাধ্যমে মিনারুলকে কীভাবে গুলি করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে সেটা উদঘাটিত হবে।
এদিকে আইভীর পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, মিনারুল হত্যা মামলায় আদালতে ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে । সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই মামলায় সাবেক মেয়র আইভীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে।
শুনানীকালে বিজ্ঞ আদালতে মেডিকেল রির্পোট আদালতে দাখিল করার পর আদালত তা আমলে না নিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।