বন্দরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর মাছুম রানা (৩৫) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের পাশে ঢাকেশ্বরী রোড এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের দেওয়া খবরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি মাছুম রানার বলে শনাক্ত করেন। তিনি উপজেলার সোনাচরা এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।
নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি মাছুম। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তার দাবি, পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে মাছুমকে বাড়ি থেকে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। গলা, হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতার জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।