সিদ্ধিরগঞ্জে রিভলবার, গুলি, রামদাসহ মোঃ সজিব আহমেদ (২৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত হতে মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটায় মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে মিজমিজি মাইজপাড়া (মধ্যপাড়া) এলাকার মোঃ সানা উল্লাহ’র ছেলে।
পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি কাঠের বাটযুক্ত কালো রংয়ের রিভলবার, ৬ রাউন্ড গুলি, একটি পুরাতন কালো রংয়ের মাইক্রোবাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭), ৩টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ধারালো রামদা জব্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, ধৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা সহ অস্ত্র আইনে পৃথক দুটি সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্য বিরোধী মামলা রয়েছে।