আড়াইহাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও অজ্ঞাত একজন নারী মারা গেছে। এর আগে ঘটনাস্থলে লিটন দাস (৩২) ও অজ্ঞাত একজন পুরুষ মারা যায়। নিহত আবুল বাশারের বাড়ি নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর ও লিটন দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরের মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিটন দাস ও অজ্ঞাত একজন পুরুষ যাত্রী মারা যায়। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত একজন নারী মারা গেছে। গুরুত্বর আহত সিএনজির যাত্রী রাবেয়া, একজন অজ্ঞাতনামা মহিলা এবং এক অজ্ঞাতনামা ১২ বছরের শিশু চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পেয়েছি। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।”
ঘটনাস্থল পরিদর্শন করে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, আহত ৫জনের মধ্যে অ্যাম্বুলেন্সযোগে ৩ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং দুইজনকে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। তারা প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন।