স্ত্রী’র ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে জহিরুল ইসলাম (৩২) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। স্বামীর সঙ্গে এমন কান্ড ঘটানো নারীর নাম মোছা. সাবিকুন্নাহার মিম (২৮)।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭ টায় নাসিক ৩ নং ওয়ার্ডস্থ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তি ময়মনসিংহের হালুয়াঘাট থানার মো. জামশেদ মোল্লার ছেলে। অপরদিকে দুর্ঘটনা ঘটানো স্ত্রী একই জেলা ও থানার মৃত মোস্তফা কামালের মেয়ে।
জানা গেছে, ভুক্তভোগী যুবক ও তার স্ত্রী ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ সানারপাড় এলাকায় শাহ আলম মিয়া নামক এক বাড়ি মালিকের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে যাচ্ছেন। বুধবার রাতে জহিরুল ইসলাম বাসায় ফিরে নিজের স্ত্রীর ইচ্ছে না থাকা সত্বেও তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালান বলে স্ত্রীর অভিযোগ। পরবর্তীতে সম্পর্কে জড়াতে ইচ্ছে ও অনিচ্ছা নিয়ে তাদের উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টির একপর্যায়ে স্ত্রী রাগান্বিত হয়ে গোপনাঙ্গ কেটে দেন। এসময় যুবকের ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে দ্রুত রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্ত্রীকে আটক করেছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।