সদর উপজেলা এলাকায় শব্দদূষণকারী ৫টি যানবাহনে অভিযান চালিয়ে তিন হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।
রবিবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণকারী ৫টি যানবাহনকে তিন হাজার জরিমানা ও ৫টি হর্ণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।