জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা রাজপথে নেমেছি গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস বিদ্যুৎ জ্বালানী সংকট নিরসনের জন্য। এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি প্রতারণা করছে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না। ১১ দলীয় ঐক্য জোট জনগণের পাশে আছে। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস এই চেষ্টা আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বো। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।
গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এক পথসভায় এসব কথা বলেন জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবি সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর আশপাশ ও নারায়ণগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী-সমর্থকেরা লং মার্চে যোগ দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ট্রাক স্টান্ড মাঠে আসেন।
পথসভায় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও এনসিপি আহবায়ক নাহিদ হোসেন, ১১ দলীয় ঐক্য জোটের নেতা মাওলানা মামুনুল হকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সকালে ঢাকা থেকে যাত্রা করে লংমার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।