বিদ্যুতের লাইন কেটে দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবোরোধ করে বিক্ষোভ করেছে সিদ্ধিরগঞ্জের একটি মার্কেটের ব্যবসায়ীরা। রোববার (২৯ মার্চ) দুপুরে মিতালি মার্কেটের দোকানদার, ব্যবসায়ীও কারখানা মালিকরা সাইনবোর্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন।
ব্যবসায়ী হাসান আল মামুন বলেন, মিতালি মার্কেটটি বৃহৎ পাইকারী মার্কেট। এখানে ৬ হাজারের বেশি দোকান ও অসংখ্য ব্যবসায়ী রয়েছেন। বকেয়া বিদ্যুৎ বিলের জন্য রোববার সকাল ১০ টায় ডিপিডিসি কর্তৃপক্ষ মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তার প্রতিবাদে ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, তারা বিদি্যুৎ বিল পরিশোধ করলেও তথাকথিত দোকানদার সমিতির কর্মকর্তারা ডিপিডিসির বিল পরিশোধ করেনি। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় মার্কেটের দোকান ও কলকারখানা অন্ধকার হয়ে পড়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, বিগত ২০১৮ সালে ৩ মার্চ দোকানদার সমিতির নির্বাচনে কমিটি হওয়ার পর থেকে আর নির্বাচন হয়নি। ওই কমিটির বহু নেতার বিরুদ্ধে গত জুলাই আন্দোলনের ঘটনায় হত্যা মামলা হয়। ফলে তারা গা ঢাকা দিয়েছে। বর্তমানে আওয়ামী লীগের দোসর একটি পক্ষ নির্বাচন ছাড়াই পকেট কমিটি করে মার্কেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।
ব্যবসায়ী মঞ্জু অভিযোগ করে বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে নারায়ণগঞ্জ শ্রম অধিদপ্তরের পরিচালক গোপালগঞ্জের বাসিন্দা আওয়ামী লীগের দোসর আফিফা ও সহাকারী পরিচালক ইয়াছমিন আক্তারকে ম্যানেজ করে জামান মিয়াকে সভাপতি ও জয়নাল আবেদীন ফারুককে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের একটি কমিটি দিয়েছে। ফলে শ্রম অধিদপ্তরের ওই দুর্মকর্তার বিরুদ্ধে শ্রম ও কর্মসংন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে গত ৮ জানুয়ারি মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব কুদ্দুছ আলী সরকার সরেজমিনে অভিযোগ তদন্ত করেছেন। অবৈধ এ কমিটির নেতারা মার্কেটের বিদ্যুৎ বিলের টাকা আত্মসাত করছে। তারা বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকা লুটপাট করছে। তাই বাধ্য হয়ে অবৈধ কমিটির নেতা জামান মিয়া, ফারুক, মিটার মামুন গংদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ না দিলে আওয়ামী দোসর জামান ও ফারুকগংদের মার্কেটে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গঠন করে সুন্দরভাবে মার্কেট পরিচালনার দাবি জানায় ব্যবসায়ীরা।
এ বিষয়ে জানতে বর্তমান কমিটির সভাপতি জামান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক বলেন, আমি গ্রামের বাড়িতে আছি। মার্কেটের বিষয়ে কিছু অবগত নই।
কমিটির কর্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, মার্কেটের দোকানদার ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিল দিচ্ছে না। ফলে বিল বকেয়া থাকায় ডিপিডিসি কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা বিল না দিয়ে আন্দোলন করছে আমাদের প্রতিপক্ষ মহলের ইন্ধনে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা মহাসড়ক ছেড়ে চলে যান।