বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৯১ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মামুন মাহমুদের নাম উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট সারাদেশে জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়। এরপর থেকে জেলা প্রশাসকেরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন এ নিয়োগের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসকের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।

অধ্যাপক মামুন মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

দলের আন্দোলন-সংগ্রামেও তিনি সামনের সারিতে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় কারাভোগও করেছেন তিনি।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »