নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে দায়ের করা দুটি মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখিয়েছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শ্যোন এ্যারেষ্ট দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার রিক্সাচালক তুহিন হত্যা মামলায় এবং হকার দুলাল হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, শ্যোন এ্যারেষ্ট দেখানোর আগে কারা কর্তৃপক্ষের সহায়তায় ভার্চুয়ালি আদালতে হাজির হন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী।
ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, শনিবার (১৭ মে) কাশিমপুর মহিলা কারাকর্তৃপক্ষের সহায়তা মেয়র আইভী ভার্চুয়ালি নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরির আদালতে হাজির হন। এ সময় তিনি হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রপক্ষ সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখানোর আবেদন করে।
আইনজীবী আওলাদ হোসেন জানান, কাশিমপুর কারাগার থেকে আইভী ভার্চুয়ালি শুনানীতে অংশ নেয়ার সময় তিনি খুব দৃঢ় ছিলেন। আমরা আদালতকে বলেছি-মেয়র আইভী শুধু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন না, তিনি বাংলাদেশের একজন আলোকিত মহিলা। তিনি একজন ন্যায় বিচারক ও সৎ মেয়র ছিলেন। মেয়র আইভীর বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। তাই ন্যায় বিচারের স্বার্থে সবগুলো মামলায় শোন এ্যারেষ্ট দেখানো জন্য আবেদন করেছি।
তিনি বলেন, আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে পাচঁটি মামলা আছে। বাকি মামলাগুলোতে তাকে দ্রুত শ্যোন এ্যারেষ্ট দেখানোর জন্য আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট থানার ইন্সপেক্টরকে নির্দেশ দেয়ার আবেদন করেন।
তিনি আরও বলেন, আমরা আদালতকে বলেছি, শ্যোন এ্যারেষ্ট না দেখালে আমরা এই মামলাগুলোতে আইনগত পদক্ষেপ নিতে পারছি না। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে দুটি মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখিয়েছে এবং বাকি মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখানো ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া সবগুলো মামলাতে শ্যোন এ্যারেষ্ট দেখানো হলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবো। আশা করি আদালতে তিনি ন্যায় বিচার পাবেন।
উল্লেখ্য, গত ৯ মে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে পুলিশ দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার করে। ওই দিন আদালতের মাধ্যমে আইভীকে কাশিমপুর মহিলা কারাগারে প্রেরণ করা হয়।