নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে আসেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। পরিদর্শনকালে তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী লক্ষ্য করেন, নির্ধারিত অফিস সময় ৯টায় অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত হননি।
এ সময় উপস্থিত এলাকাবাসী প্রতিমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ করে জানান, ভূমি সংক্রান্ত সেবা পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না। সেবার মান নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন।
অভিযোগ শুনে প্রতিমন্ত্রী কায়সার কামাল অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন এবং দ্রুত সময়ের মধ্যে সেবার মান উন্নয়নের নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের ভোগান্তি কোনোভাবেই সহ্য করা হবে না এবং দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।