সিদ্ধিরগঞ্জে ময়লার ভাগাড়ে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ১ দিন বয়সী এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার একটি ময়লার স্তুপে নারীদের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় লোকজন একটি ভ্যানিটি ব্যাগে একদিন বয়সী নবজাতক কন্যা শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক মো. ওয়ালিউল্লাহ বলেন, নারীদের ভ্যানিটি ব্যাগ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নবজাতকের বয়স একদিন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।