বন্দরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আশিক (১২) ও মো. আরিয়ান (১০) নামে দুই ভাইয়ের (সহোদর) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকায় এ ঘটনাটি ঘটে। দুই ভাইয়ের মধ্যে একজনের লাশ সন্ধ্যার পর অপরজনের লাশ রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। মৃত মো. আশিক ও মো. আরিয়ান রাজধানীর হাজারীবাগ এলাকার বাসিন্দা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী খলিল মিয়ার দুই ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, দুপুরে পরিবারের সঙ্গে ফুফুর বাড়ি বন্দরের গোবিন্দকুল এলাকায় বেড়াতে আসে দুই ভাই। বিকেলে ব্যাডমিন্টন খেলার পর শরীরে বালু লেগে যাওয়ায় সন্ধ্যার দিকে পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় তারা ডুবে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা মামাতো ভাই বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি করে একজনের লাশ সন্ধ্যার পর ও অপরজনের লাশ রাত ৮টার দিকে উদ্ধার করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, এ ঘটনায় মৃত দুই ভাইয়ের স্বজনদের কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই শিশুদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মৃত দুই ভাইয়ের লাশ স্বজনরা নিয়ে গেছেন। তবে এ ঘটনায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।