ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান স্মরণে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পরে ম্যারাথনটি শেষ হয় হাজীগঞ্জে নির্মিত প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে। সেখানে জুলাই শহীদ পরিবারের সদস্যদের ও বিজয়ীদের মাঝে মেডেল পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, শহীদ আদিলের বাবা আবুল কালাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবেদ আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির।
এসময় জেলা প্রশাসক বলেন, “জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে এই প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয়েছে। আমরা চাই সবাই জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাক।”